শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথে বাধা ও ঝুঁকি
- আপডেট সময় : ১১:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথে বাধা ও ঝুঁকি
আস্থা ডেস্কঃ
বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার দেশে ফেরার পথে রয়েছে আইনি জটিলতা, পাসপোর্ট-সংক্রান্ত বাধা ও নিরাপত্তাঝুঁকি। দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, তার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কাও রয়েছে।
গত ৯ নভেম্বর বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘গ্রহণযোগ্য বন্দি হস্তান্তর প্রক্রিয়ার’ আওতায় তাকে প্রত্যর্পণ করতে চায় বাংলাদেশ।
শেখ হাসিনার সামনে বড় চ্যালেঞ্জ হলো—তিনি রাজনৈতিক নেতা হিসেবে দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে চান। কিন্তু ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে পুলিশের অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট নেই। ফলে বৈধ ভ্রমণ নথি ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও জটিল হতে পারে। প্রত্যর্পণ বা ফেরত পাঠানোর ক্ষেত্রে পাসপোর্টের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করায় নতুন পাসপোর্ট দেওয়া হবে না।
২০২৬ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন। ডিসেম্বরে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে কীভাবে ফিরবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি।
শেখ হাসিনা বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ফিরলে সেখানে তার সমর্থকদের বিপুল সমাগম হতে পারে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও সেখানে জড়ো হতে পারেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সরকারের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশে কয়েকটি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার এসব ঘটনার মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরা আওয়ামী লীগের সমর্থকদের আরও সক্রিয় করে তুলতে পারে। এতে সরকারের সঙ্গে সংঘাত তৈরি হওয়ার পাশাপাশি অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।
আস্থা/এমএইচ



















