সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যের কমিটি গঠন
আস্থা ডেস্কঃ
সাজেকের পরিস্থিতি নিরসনে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হেডম্যান-কারবারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।
এ কমিটি সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, আন্দোলনকারীদের মধ্যে ‘সাজেক কারবারী অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের নাম এসেছে। এ কারণে হেডম্যান-কারবারীদের দুটি কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়েছে, সাজেকে কারবারী সংগঠনের নাম দিয়ে যারা আন্দোলন করছেন, তারা প্রকৃতপক্ষে কারবারী নন।
তবে আন্দোলনকারী সংগঠনটি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করছে। এ পরিস্থিতিতে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান অ্যাসোসিয়েশন থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সভা সূত্র জানায়, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের দুজন ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান অ্যাসোসিয়েশনের একজন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম হেডম্যান অ্যাসোসিয়েশনের রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চাকমা ক্যারল।
আস্থা/এমএইচ


















