কথা দিয়েও আসেনি শিবির; অবস্থানে আছে ছাত্রদল
- আপডেট সময় : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
কথা দিয়েও আসেনি শিবির; অবস্থানে আছে ছাত্রদল
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মাদরাসা-ই আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলের ভেতরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত হলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট) রাজধানীর বকশি বাজার কাশগরী হলের সামনে এমন চিত্র দেখা গেছে।
হলের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং প্রয়োজনীয় কাজ শেষে বেরও হচ্ছেন। তবে মূল ফটকের প্রবেশ পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
এদিকে বেলা সাড়ে ১২টায় ছাত্র শিবিরের নেতাকর্মীদের হলে প্রবেশের কথা থাকলেও ১টা ১৫ মিনিট অবধি কাউকে দেখা যায়নি।
ঢাকা মাদরাসা-ই আলিয়ার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জয়নাল বলেন, তারা (ছাত্র শিবির) আমার ভাইদের রক্তাক্ত করেছে। লুটপাট করেছে। আমরা যথাযথ তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
তিনি বলেন, আমাদের ৩৫টি ল্যাপটপ চুরি হয়েছে। পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে। এগুলোও তদন্তের মাধ্যমে ফেরত দেওয়া হোক। আজ শিবিরের বিপরীতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
ছাত্রদলের সদস্য সাদ চৌধুরী বলেন, কেন্দ্র থেকে আমাদের নির্দেশ আছে শান্তিপূর্ণ অবস্থানের। আমরা সংঘাত চাই না। কিন্তু কোনো ধরনের উগ্রবাদী আচরণ বরদাশত করা হবে না।
দৈনিক আস্থা/এমএইচ



















