থানার ব্যারাক থেকে পুলিশের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
থানার ব্যারাক থেকে পুলিশের মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলায় পুলিশের ব্যারাকে মোঃ ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই পুলিশ সদস্যের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে চিরকুটটিতে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই।
আজ রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে তালতলী থানা পুলিশের ব্যারা থেকে এই মরা দেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া নামক এলাকার রতন আলী গাজীর ছেলে। তিনি বরগুনার তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পুলিশ সদস্য ফারুক গাজী ডিউটি শেষ করে সকাল ৮টার দিকে তালতলী থানার ব্যারাকে আসেন। এরপর তিনি ওই ব্যারাকের মধ্যে সকালের কোনো এক সময় কীটনাশক অথবা গ্যাস ট্যাবলেট সেবন করেন। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকৃত ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবে যে, সে স্টোক করে মৃত্যুবরণ করেছে এবং আমার ডেট সার্টিফিকেট সঙ্গে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তাড়া হয়রানি না হয়। এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।
আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, সকাল ৯টার দিকে থানার তদন্ত অফিসার জানতে পারেন একজন পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেন।
দৈনিক আস্থা/এমএইচ



















