ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি: আহত-২
- আপডেট সময় : ০২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি: আহত-২
সাজ্জাদ রায়হানঃ
খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলো, মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং স্থানীয় মুসল্লি আলম শেখ (৫৫)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মসজিদে ফজরের জামাত চলছিল। এসময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাশে থাকা আলম শেখ নামের আরেক মুসল্লিও গুলিবিদ্ধ হয়ে উভয়েই মসজিদের মেঝেতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চলে যান।
পরে আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এই হামলার সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। গুলিবিদ্ধ লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী।
দৈনিক আস্থা/এমএইচ



















