ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত
- আপডেট সময় : ০৭:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ছাত্রশিবির সভাপতি নিহত। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছে।
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (২২) নামের বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি নিহত হয়েছেন। হামলায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার (২১ জুন) বিকাল ৩ টার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। সে বোনারপাড়া ইউপির শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকাল ৩ টার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়।
এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল ও তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপুর্যপুরি ছুরিকাঘাতে জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল্লাহ বারীকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।
সাঘাটা থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















