স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ০৯:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাটে রেলস্টেশনের পাশে এক পপকর্ন বিক্রেতাকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি ট্রেনে পপকর্ন বিক্রি করেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে বিক্রি শেষে তারা রাত ১টার দিকে সরদহ স্টেশনে নামেন। এরপর স্টেশনসংলগ্ন একটি বন্ধ চায়ের দোকানে বসে ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
হামলাকারী প্রথমে স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন এবং একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখেন। পরে দম্পতির কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেন। এরপর জোরপূর্বক স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি নিজেই জঙ্গল থেকে স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্ত আশরাফুল ইসলাম উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে বাসিন্দা। মামলার এজাহারে আশরাফুলের নাম উল্লেখ করেছেন তিনি।
সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, ঘটনার সময় স্টেশনে মাত্র তিনজন কর্মী দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ



















