হাজারো নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
- আপডেট সময় : ১১:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১০২৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে হাজারো নেতা/কর্মীদের নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মিছিলকারীদের বিপুল উপস্থিতি দেখে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। আজ শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর এ মিছিল অনুষ্টিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের এক হাজারেরও বেশি কর্মী-সমর্থক বাঁধের হাট বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও নেতাকর্মীদের বিশাল জনস্রোতের মুখে তারা টিকতে পারেননি। একপর্যায়ে বিক্ষোভকারীদের সংখ্যা ও তীব্রতা দেখে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবুর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন, আমরা এখানে যারা রাজপথে নেমেছি, তারা প্রত্যেকেই অন্যায় ও সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের এই প্রতিবাদী আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হবো না। আমরা রাজপথ ছাড়বো না। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নৈতিক দায়িত্ব।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মিছিলের খবর আগে থেকেই টের পেয়ে পুলিশের ছয় সদস্যের একটি দল উপস্থিত ছিল। তারা মিছিলটির শুরুতে বাধা দিয়ে ছিলো, কিন্তু পরে নেতাকর্মীদের সংখ্যা ও উপস্থিতি ক্রমাগত বাড়তে থাকায় পুলিশ সদস্যরা সেখান থেকে নিরাপদ দূরত্বে সরে পড়তে বাধ্য হন। তাই পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
দৈনিক আস্থা/এমএইচ


















