নীলফামারীতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
সাকিল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ।
সোমবার (১৫ আগস্ট) সকালে শ্রদ্ধা জানানো শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ভোর সাড়ে ৬টায় নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এসময় সশস্ত্র বাহিনীর গার্ড অব ওনার প্রদানসহ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দেওয়ান কামাল আহমেদ । ইতোমধ্যে নীলফামারী জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। এছাড়া, স্কুল,কলেজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।





















