রাজপথে গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা হবে- গণফোরাম
- আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১১২০ বার পড়া হয়েছে
ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর পুলিশ ও দলীয় গুন্ডা বাহিনী কর্তৃক ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম।
শনিবার (২৯ জুলাই) দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।
নেতৃবৃন্দ বলেন- পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজ বিএনপি ও গণফোরাম সহ গণতন্ত্রকামী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জনতার পক্ষ্যে দেশে শান্তি ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে যে গণআন্দোলন শুরু হয়েছে সেই গণআন্দোলনকে নৎসাত করে এই কর্তৃত্ববাদী সরকার পুনরায় ক্ষমতার মসনদ দখল করার জন্য জনতার উপর পুলিশি হামলা চালিয়েছে। এই হামলার সকল দায়ভার আওয়ামী লীগ সরকারকেই নিতে হবে। গুলি করে, লাঠিচার্জ করে এদেশের বিপ্লবী জনতার আন্দোলন থামানো যাবে না।
নেতৃদ্বয় আরও বলেন- আওয়ামী শেখ হাসিনা সরকার পেটোয়া পুলিশ বাহিনী ও দলীয় গুন্ডা বাহিনী কর্তৃক কাপুরুষোচিত হামলা চালিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান সহ অসংখ্যা নেতাকমীকে গ্রেপ্তার করে জনতার তীব্র আন্দোলনে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী সহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীদের উপর রাজধানীর বিভিন্ন পয়েন্টে ন্যাক্কারজনক হামলা ও গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। জনতার উপর গুলি, টিয়ারগ্যাস ও হামলার প্রতিবাদে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করা হবে।





















