এবারও পাগলা মসজিদের ৯টি দান বাক্সে মিলল ২৩ বস্তা টাকা
- আপডেট সময় : ১০:২৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১০৬৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান বাক্সে এবার মিলেছে ২৩ বস্তা টাকা। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়।
এবার ৩ মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলার পর মিলল ২৩ বস্তা টাকাসহ বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এ টাকা গণনায় অংশ নিয়েছে প্রায় ২০০জনের একটি দল।
ঐতিহাসিক এ মসজিদে পূর্বে দান বাক্সের সংখ্যা ছিল ৮টি। কিন্তু দানের পরিমাণ বাড়ায় এবার আরও একটি দান বাক্স বৃদ্ধি করে মোট ৯টি দান বাক্স করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গত ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায় ৫ কোটি ৭৮ লক্ষ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গহনা ও হীরা পাওয়া গিয়েছিল।
পাগলা মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, পাগলা মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।


























