শিক্ষকদের প্রাণের দাবি: বাড়িভাড়া ২০% কার্যকর করতে হবে এখনই
শিক্ষকদের বাড়িভাড়া ২০% দিতে টালবাহানা কেন?
- আপডেট সময় : ১২:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৩৩৫ বার পড়া হয়েছে
বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্ট রাজধানীর ঢাকা প্রেসক্লাবের সামনে দেশব্যাপী কর্মরত হাজার হাজার শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেন।
সেই কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে সরকারের এক যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে শিক্ষকসমাজকে উদ্দেশ্য করে অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজি বলেন—
> “আমরা সরকারের কাছে বেশকিছু যৌক্তিক দাবি উত্থাপন করেছি। এর মধ্যে রয়েছে—শিক্ষকদের বাড়িভাড়া ২০% প্রদান, বদলি সার্বজনীন করা, উৎসব ভাতা বৃদ্ধি ইত্যাদি। সরকার আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেছেন এবং আশ্বস্ত করেছেন যে দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত একটি সুন্দর সমাধান দেওয়া হবে।”
এরপরই তিনি আন্দোলন স্থগিত ঘোষণা করেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষকসমাজ আজ হতাশ ও ক্ষুব্ধ।
এরই মধ্যে গত ২৭ আগস্ট শিক্ষা ভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেখানে বাড়িভাড়া তিনটি ক্যাটাগরিতে—১০%, ১৫% ও ২০%—উল্লেখ করা হয়েছে।
এমন প্রস্তাব সামনে আসতেই শিক্ষক সমাজ প্রশ্ন তুলেছে—
যেখানে সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলন স্থগিত করা হয়েছিল ২০% বাড়িভাড়া প্রদানের আশ্বাসে, সেখানে হঠাৎ তিনটি ক্যাটাগরি করার অর্থ কী? এটা কি ইচ্ছাকৃত টালবাহানা, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে?
এমন প্রেক্ষাপটে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কিছু নামসর্বস্ব শিক্ষক সংগঠন ও কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা। তবে শিক্ষা জাতীয়করণ ব্যানারের আওতাধীন মূল শিক্ষক নেতারা এবং সারাদেশের শিক্ষক-কর্মচারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—
“আমরা ১০% বা ১৫% কোনো ক্যাটাগরি মানি না, কেবলমাত্র ২০% বাড়িভাড়ার দাবিই গ্রহণযোগ্য। অন্যথায় শিক্ষক-কর্মচারীগণ আবারও কঠোর আন্দোলনে নামবেন।”
আজকে শিক্ষক সমাজের একটাই প্রত্যাশা—
আর কোনো ষড়যন্ত্র নয়, অনতিবিলম্বে শিক্ষকদের প্রাণের দাবি ২০% বাড়িভাড়া কার্যকর করতে হবে।
তানভীর আহম্মেদ, (প্রভাষক, আবাদপুকুর মহাবিদ্যালয়)











