ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরে ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলী (৫৩) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
আজ সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সে সংশ্লিষ্ট মাদরাসার একজন কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হোসেন আলী তার ছেলেকে মাদরাসায় পৌঁছে দিতে সেখানে গিয়েছিলেন। মাদরাসার সামনে অবস্থানকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তার ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা আবার অস্ত্রে গুলি ভরে আরও কয়েক দফা ফায়ার করে। হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হোসেন আলী। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হোসেন আলীর মরদেহ উদ্ধার করেছে ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
দৈনিক আস্থা/এমএইচ



















