টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড
- আপডেট সময় : ১১:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১০৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার দায়ে পিতা-পুত্রসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।
আজ রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ ফয়সাল আল মামুন এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলো, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫) এবং তার পাঁচ পুত্র রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আঃ রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর পুত্র হযরত আলী (৫০)।
আদালত সূত্র জানায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের মোহাম্মদ আলীর (৭০) বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আসামিদের সাথে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে বিগত ২০২২ সালের ২৪ জুলাই সকালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড ও বাাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের কন্যা মর্জিনা আক্তার বাদি হয়ে ওইদিনই টাঙ্গাইল সদর থানায় মামলা করেন| মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার এস আই (নিরস্ত্র) মোঃ রেহানুল ইসলাম ২০২২ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
বিচার শেষে এজাহার নামীয় ৮ জন আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী বাদে অন্য সকল আসামি আদালতে উপস্থিত ছিল। পরে আসামিদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।
দৈনিক আস্থা/এমএইচ



















