লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।
জানা গেছে, নিহত মোঃ আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















