প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি
- আপডেট সময় : ০৯:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি
আস্থা ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জুলাই আন্দোলনে একটি আলোচিত হামলা, ভাঙচুর-লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলা সম্পর্কে গোপনে ও প্রকাশ্যে তদন্ত করার পরও কোনো সত্যতা না পাওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
অপর দিকে মামলা থেকে সব আসামিকে অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কর্মকর্তা। মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত বাদীকে তলব করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিক দল নেতা শাজাহান আলী মামলাটি করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনে বাদী সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় ২০২৪ সালের ১৭ জুলাই বেলা পৌনে ৩টার দিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মোমিনের নেতৃত্বে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণ ঘটানো হয়।
এসময় আসামিরা আলমিরা ভেঙে ৫ ভরি সোনা, নগদ সোয়া লাখ টাকা ছিনিয়ে নেওয়াসহ ১০ লাখ টাকার ক্ষতি করে। এলাকা ত্যাগের আগে আসামিরা বাড়ির সামনেও দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রতিবেশীদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলাটি জুলাই আন্দোলনকেন্দ্রিক হওয়ায় তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের ওপর ন্যস্ত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাতঘুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া মামলার তদন্ত কাজ শেষ করেন।
ডিআইজি পদমর্যাদার সাবেক অতিরিক্ত কমিশনার নাজমুল হোসেনসহ চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তদন্ত কার্যক্রম তদারকি করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত শেষে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে অব্যাহতির সুপারিশ দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী।
এছাড়া মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়। ঘটনাস্থল সুলতানবাদ মহল্লার লোকজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু একজন সাক্ষীও দাবি করেননি-ওই দিন এমন কোনো ঘটনা ঘটেছে। এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শীকে বাদী হাজির করতে পারেননি। মামলাটি পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতির সুপারিশ করা হলো।
সোমবার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া জানান, প্রকাশ্য ও গোপনে ব্যাপক অনুসন্ধান ও তদন্ত করে বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীসহ মহল্লার অধিকাংশ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। তারা বলেছেন-এমন কোনো ঘটনার বিষয়ে তারা কিছুই জানেন না। অভিযোগের কোনো সত্যতাই মেলেনি। এ কারণে আসামিদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আর মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে মতামত জানতে মামলার বাদী শ্রমিক দল নেতা শাজাহান আলীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি ধরেননি।
অব্যাহতির সুপারিশপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন-মহানগর স্বেচ্ছাসেবক লীগের মহানগর সভাপতি ও রাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মোমিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদত আলী শাহু।
আস্থা/এমএইচ

















