যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১১৩ শতাংশ: আরোপ হতে পারে আরও ১৮ শতাংশ শুল্ক
- আপডেট সময় : ০৩:৪২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১১৩ শতাংশ: আরোপ হতে
পারে আরও ১৮ শতাংশ শুল্ক
আস্থা ডেস্কঃ
রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি স্বাক্ষরের পর এপ্রিল-জুনে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ দ্বিগুণ করেছে বাংলাদেশ। বোয়িং কোম্পানির উড়োজাহাজ কিনতেও দেওয়া হয়েছে বড় অর্ডার। কিন্তু, এরপরেও ওয়াশিংটন মার্কিন তুলা থেকে তৈরি করা পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা এখনও দেয়নি। উল্টো “অতিরিক্ত উৎপাদন সক্ষমতার” অভিযোগ তুলে বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।
পাশাপাশি ট্রাম্প প্রশাসন চীন থেকে সুতা আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে সুতা কেনার জন্যও ঢাকার ওপর চাপ সৃষ্টি করেছে। আর শিল্পখাতের নেতারা সতর্ক করে বলেছেন, এই পরিবর্তন উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে এবং এমনিতেই ধুঁকতে থাকা দেশের বস্ত্র (টেক্সটাইল) খাতকে খাদের কিনারায় ঠেলে দেবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক আমদানি মাত্র ০ দশমিক ৫০ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় বেড়েছে ৩২ শতাংশেরও বেশি। গত অর্থবছরে বাংলাদেশ ৩৩১ কোটি ডলারের সুতা এবং ৩০০ কোটি ডলারের তুলা আমদানি করেছে; এর পাশাপাশি বিপুল পরিমাণ কাপড় ও ফাইবার আমদানি করা হয়েছে, যার বড় অংশই এসেছে চীন থেকে—যাকে যাকে ‘নন মার্কেট ইকোনমি’ (অ-বাজার অর্থনীতি) হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র।
এক প্রান্তিকেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১১৩ শতাংশ
বাংলাদেশ ব্যাংকের দেশভিত্তিক আমদানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, আগের অর্থবছরে যা ছিল ২৭২ কোটি ডলার। ফেব্রুয়ারিতে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির পর এপ্রিল-জুন প্রান্তিকে আমদানি আগের প্রান্তিকের তুলনায়, ১১৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ১২৯ কোটি ডলারে দাঁড়ায়। জানুয়ারি-মার্চে আমদানি ছিল ৬০৫.৬ মিলিয়ন বা ৬০ কোটি ৫৬ লাখ ডলার।
এই বৃদ্ধির প্রায় ৯৩ শতাংশ এসেছে জ্বালানি ও তেল আমদানির বাড়তি ব্যয় থেকে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৩ বিলিয়ন ঘনফুটে (বিসিএফ) পৌঁছেছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩১ দশমিক ২৭ বিসিএফ।
দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায়, আগামী ১৫ বছরে প্রায় ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলারের মার্কিন এলএনজি আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি প্রতিবছর ৭ লাখ টন গম, ২৬ লাখ টন সয়াবিন ও সয়াজাত পণ্য এবং ৩৫০ কোটি ডলারের তুলা কেনার কথা রয়েছে। এ ছাড়া গানভর ইএসএ এলএলসি-এর কাছ থেকে ২০২৬-২০৩৮ সময়ে ১১৭টি এলএনজি কার্গো আমদানির ১২ বছর মেয়াদি চুক্তির অনুমোদন দিয়েছে সরকার; তবে এর আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি।
এর পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে। এর মধ্যে ১৪টির জন্য ৩০ এপ্রিল ৩৭০ কোটি ডলার বা প্রায় ৪৫ হাজার ৫১০ কোটি টাকার চুক্তি হয়েছে। সরবরাহ হবে ২০৩১-২০৩৫ সালের মধ্যে। বাকি ১১টির চুক্তি ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে সই হলেও উড়োজাহাজের মূল্য প্রকাশ করা হয়নি।
একইসঙ্গে প্রায় ৪,৫০০ মার্কিন পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে এবং আরও ২,২১০টি পণ্যের ওপর আগামী ১০ বছরে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস করতে সম্মত হয়েছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা সংস্থা– সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) প্রাক্কলন করেছে যে, এসব ছাড়ের কারণে চলতি অর্থবছরে আমদানি শুল্ক বাবদ সরকারের আয় কমবে ১ হাজার ৩২৭ কোটি টাকা।
এদিকে, সরকার-থেকে-সরকার (জিটুজি) পর্যায়ে মার্কিন গম আমদানির খরচ গত ডিসেম্বরের প্রতি টন ৩১২ দশমিক ২৫ ডলার থেকে বেড়ে ৪ লাখ ৪০ হাজার টনের নতুন চুক্তিতে প্রতি টন ৩৪৭ দশমিক ৭৫ ডলারে উঠেছে। ব্যবসায়ীরা বলছেন, প্রচলিত আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে বেশ কিছু মার্কিন পণ্য ক্রয় করা হয়েছে।
আলোচনার সুযোগ রয়েছে
বুধবার বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের বাড়তি ট্যারিফ আরোপের ঘোষণার পর বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে এবং দেশটির সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে বেশ কিছু ইস্যুকে বাংলাদেশ ‘আনজাস্টিফাইড’ (অন্যায্য) বলে মনে করছে। সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এবং আগামীতে আলোচনায় আমরা বিষয়হগুলো তুলে ধরবো।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় স্বাক্ষরিত চুক্তির আওতায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকপণ্য রপ্তানিতে গত সেপ্টেম্বর থেকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু কবে নাগাদ এ সুবিধা পাওয়া যাবে, তা কেউই বলতে পারছেন না। অথচ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশায় যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামের তুলা আমদানিসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। তবু সেই সুবিধা এখনো মেলেনি।
”গত মাসে আমরা যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। তাদের বলেছি, সেপ্টেম্বরের শেষ সময় থেকেই যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু পাচ্ছি না। দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাস্টমস বিভাগ এখনো বিষয়টি নিয়ে কাজ করছে”- টিবিএসকে জানান বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইবার আমদানির শর্ত দিয়েছিল জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ”বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ এই শর্তে রাজী না হওয়ায় আমাদের লবিষ্টের মাধ্যমে তারা ইয়ার্ন (সুতা) আমদানির প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের সুতা অনেক ব্যয়বহুল এবং সেগুলো ইমপোর্ট (আমদানি) করে তৈরি পোশাক রপ্তানি করলে ব্যয় অনেক বেশি হবে।”
”বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের (বস্ত্রশিল্পের) অবস্থা এমনিতেই অনেক খারাপ। এ অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে সুতা আমদানি করলে এখাতে বিপর্যয় নেমে আসবে”- যোগ করেন তিনি।
নতুন শুল্ক আরোপের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রমিকদের কম মজুরি এবং চীন থেকে কাচামাল/উপকরণ আমদানি নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার আগের দিনই বাংলাদেশের ন্যূনতম মজুরি বোর্ড পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর সুপারিশ করেছে।
আর চীন থেকে বাংলাদেশে আমদানি হয় এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট (আপটা) এর আওতায়, যা আঞ্চলিক বাণিজ্যিক চুক্তি। তাছাড়া চীন থেকে আমদানি করা কাঁচামালে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে বাংলাদেশ খুব বেশি রপ্তানি করে না বলে জানান শিল্প-সংশ্লিষ্টরা।
বাংলাদেশকে চীন-রাশিয়াসহ নন-মার্কেট ইকোনমি থেকে আমদানি কমাতে চাপ দিলেও—যুক্তরাষ্ট্র নিজস্ব প্রয়োজনে এসব দেশের উপর কখনও আমদানি নিষেধাজ্ঞা আরোপ করছে, আবার কখনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমদানির পরিমাণ বাড়াচ্ছে।
গতবছর এপ্রিলে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের পর থেকেই যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক কমানোর পাশাপাশি দেশটি থেকে আমদানি বাড়ায় বাংলাদেশ।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি স্বাক্ষরের পর দেশটি থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারদরের চেয়ে বেশি দামে গম, এলএনজি, সয়াবিন, কৃষিপণ্য, সরঞ্জামসহ বিবিধ পণ্য প্রায় দ্বিগুণ পরিমাণ আমদানি করছে বাংলাদেশ।
একতরফা ছাড় নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা
সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ফেব্রুয়ারির চুক্তিটি যেভাবে সাজানো হয়েছিল, তাতে এই শুল্কের হুমকি কোনো বিস্ময়কর বিষয় হওয়া উচিত নয়।
তিনি বলেন, “চুক্তির সময় যেভাবে রাজনৈতিক সমঝোতা হয়েছিল, তাতে এ ধরণের কিছু হওয়ার ব্যাপারটি তখনই অনুমান করা যাচ্ছিল। যারা চুক্তিটি করেছিলেন, তারা বুঝিয়েছিলেন যে এটি ‘হাইলি ট্রানসেকশনাল, নট স্ট্র্যাটেজিক’ (অর্থাৎ কৌশলগত নয় বরং লেনদেনভিত্তিক)। এখন আমরা এই পরিস্থিতিতে আটকা পড়েছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে আরও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে আমাদের কম্পোজিট স্ট্র্যাটেজি (সমন্বিত কৌশল) নেওয়া দরকার।”
বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের সাবেক মহাপরিচালক মো. হাফিজুর রহমান টিবিএসকে বলেন, বাংলাদেশ এখনও রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি রেটিফাই বা অনুমোদন প্রদান করেনি। তাই চুক্তিটি দ্রুত কার্যকর করতে চাপ দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্র নতুন করে শুল্কারোপের কথা বলে থাকতে পারে।
তিনি জানান, বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরেকটি অভিযোগ রয়েছে, তা হলো নকল পোশাক পণ্য তৈরি করে রপ্তানি করা। তাদের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জবাব দিয়েছে। তারপর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ওয়াচলিস্টে রেখে দিয়েছে। অর্থাৎ, এ সংক্রান্ত শুল্কের হুমকিও এখনো রয়ে গেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শামীম ইসলাম বলেন, প্রতিশ্রুত ছাড় না পেয়েও ঢাকা চুক্তির নিজস্ব অংশ পূরণ করেছে; কিন্তু বাংলাদেশের শিল্পের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করতে অবিলম্বে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।
@ওয়াশিংটনের ইচ্ছেমতো বাস্তববাদী নীতি
চীন ও রাশিয়াকে নন-মার্কেট ইকোনমি বলে এসব দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখায় তৃতীয় দেশগুলোর ওপর ওয়াশিংটন যেভাবে চাপ দিচ্ছে—যুক্তরাষ্ট্রের নিজস্ব বাণিজ্যের বেলায় বিশেষত চীন ও রাশিয়ার সঙ্গে, কিন্তু বাস্তববাদী বাণিজ্যনীতির চর্চাই দেখা যাচ্ছে। আর সেদিকেই আঙ্গুল তুলেছেন বাণিজ্য বিশ্লেষকরা।
ইউক্রেনে যুদ্ধ শুরু করায় রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়ার পরেও, ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে সৃষ্ট সরবরাহ সংকট সামাল দিতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল ও জ্বালানি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে আমদানির অনুমতি দেয়। এনিয়ে গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর পর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প লেখেন, আমেরিকান কৃষক, খামারি ও ট্রাকচালকদের জন্য ডিজেলের দাম কমানোই তাঁর “সর্বোচ্চ অগ্রাধিকার”।
তবে ওয়াশিংটনের এহেন নীতি-পরিবর্তন ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও বিরোধী ডেমোক্র্যাট দলের তীব্র সমালোচনার মুখে পড়ে, কারণ জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে রাশিয়ার তেল বিক্রির রাজস্ব ১০,০০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যেও একই ধরনের বাস্তববাদী দৃষ্টিভঙ্গি কাজ করছে। ২০২৫ সালের এপ্রিলে চীন থেকে পণ্য আমদানিতে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এরপর চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে শুল্কের পরিমাণ বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত করে। এরপর উভয় দেশই এই শুল্কযুদ্ধের এক সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই শুল্ক অব্যাহতি এবং ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একাধিক বৈঠকের ফলে ২০২৬ সালের আগস্ট নাগাদ চীনা পণ্যে গড় মার্কিন শুল্ক নেমে আসে প্রায় ৩৫ দশমিক ২ শতাংশে। একইসময়ে মার্কিন পণ্যে চীনা শুল্ক গড়ে ৩১ দশমিক ৯ শতাংশে নামানো হয়। এমনকি মার্কিন সুপ্রিম কোর্ট কিছু জরুরি শুল্ক বাতিল করার পরও—২০২৬ সালের প্রথম ৯ মাসে দুই দেশের দ্বিপাক্ষিক পণ্যবাণিজ্য ২৯,৮০০ কোটি (২৯৮ বিলিয়ন) ডলার ছাড়িয়ে গেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের রপ্তানি ৮,৩৫০ কোটি ডলার এবং চীন থেকে আমদানি ২১,৫০০ কোটি ডলার।
অথচ বাংলাদেশের মতো ছোট বাণিজ্যিক অংশীদারদের বেলায় ওয়াশিংটনের বার্তা এখনো কঠোর। ওদিকে যুক্তরাষ্ট্র নিজে বেইজিংয়ের সাথে বিপুল বাণিজ্য প্রবাহ বজায় রেখেছে, আর এদিকে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্কের কারণে তৃতীয় দেশগুলোকে শাস্তিমূলক শুল্কের হুমকিতে রাখছে।
আস্থা/এমএইচ



















