কসবায় নকলে সহায়তা; শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
- আপডেট সময় : ০৪:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
কসবায় নকলে সহায়তা; শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
স্টাফ রিপোর্টারঃ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় পাঁচ আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ‘ইসলামের ইতিহাস’ বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মুহাম্মদ মনির হোসেন। তিনি উপজেলার রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্র পরিদর্শন দল রানিখার এমদাদুল বাড়ি আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ (MCQ) উত্তরের একটি কাগজ উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক তদন্তে দেখা যায়, তিনি ওই কেন্দ্রের পাঁচজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনে সরাসরি সহযোগিতা করছিলেন।
পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া থেকেও তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, “পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন কিংবা সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ



















