কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক
- আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরে উত্তরা ব্যাংক গোপীনাথপুর শাখার প্রধান কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ জুলাই ব্যাংকের সামনে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় আরিফুল ইসলামকে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনার পর নিহতের স্ত্রী তাসলিমা শারমিন মলি বাদী হয়ে মোহাম্মদ আলীকে প্রধান আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুনুর রশিদ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে চট্টগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তাকে কসবা থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।



















