কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৪:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক যুবক আত্মহত্যা করেছে।
আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (৩০) ওই এলাকার আফজাল হোসেনের ছেলে ও দুই সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামিয়ে আনা হলে একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী জানান, রাত প্রায় ৪টার দিকে সুমন বাড়ি ফেরেন। তিনি দেরিতে ফেরার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সুমন কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙার পর ঘরের ভেতরে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুমন হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।



















