খুলনায় ফোনে তর্ক যুবককে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
খুলনায় ফোনে তর্ক যুবককে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
খুলনা মহানগরীতে মোঃ জলিল মুন্সি নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানাধীন কুলিবাগান বটতলা এলাকায় এ ঘটনা ঘটে ঘটেছে। সে ওই এলাকার দিলু মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর কুলিবাগান এলাকায় জলিলের বাবার একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য বাবার সঙ্গে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হয় জলিল। এর কিছুক্ষণ পর তার ফোনটি বেজে ওঠে এবং ফোনে তর্কাতর্কি হয়। এরপর কুলিবাগান বটতলা থেকে দুই গজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তির সঙ্গে জলিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনজন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুইটি বিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করেছে।
দৌলতপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম বলেন, কুলিবাগান মোড়ে তিনজন সন্ত্রাসী জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। এ সময় পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জলিলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কি কারণে কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।
আস্থা/এমএইচ



















