প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ
- আপডেট সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ
আতিকুর রহমান আতিকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা এবং শত কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে একশ কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল জমা দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, ব্যারিস্টার ফুয়াদ গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের জাতীয় ক্ষতির জন্য দায়ী করেছেন এবং সম্মানিত অনুষদ সদস্যদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজন সৃষ্টিকারী গালিগালাজ করেছেন, এবং দাবি করেছেন যে তারা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন।
এই ধরনের বেপরোয়া ও অবমাননাকর এই মন্তব্যগুলো লাখ লাখ প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মনে গভীর মানসিক কষ্ট, যন্ত্রণা এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে আইনজীবী তন্ময় কুমার সাহা নোটিশে উল্লেখ করেছেন।
এছাড়াও, নোটিশ প্রাপ্তির নির্দিষ্ট ৭২ ঘণ্টার মধ্যে উপরে উল্লিখিত দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হন বা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেন, তবে আমার মক্কেল জনস্বার্থে আপনার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন (PIL) দায়ের করতে বাধ্য হবেন। সেক্ষেত্রে উদ্ভূত সমস্ত আইনি খরচ ও পরিণতির দায় সম্পূর্ণভাবে আপনাকে বহন করতে হবে।
দৈনিক আস্থা/এমএইচ












