বিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে লাইভ: যুবতীকে মারধর ও পরিবারে উচ্ছেদের হুমকি
- আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
বিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে লাইভ: যুবতীকে মারধর ও পরিবারে উচ্ছেদের হুমকি
শেখ শ্রাবণ হোসেন শাওন:
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছয়নালছড়া এলাকার ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করার জেরে কন্টেন ক্রিয়েটর ও উদ্যোক্তা এক যুবতি নারীকে মারধর এবং সপরিবারে এলাকাছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবতীর নাম রিজেন্সি চাকমা। তিনি পূর্ব ছয়নালছড়া গ্রামের বাসিন্দা কমল কৃষ্ণ চাকমার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মে বিদ্যালয়ের শিক্ষকদের নানা অনিয়ম ও স্কুলের চিত্র তুলে ধরে নিজের ‘Ri jaNg ci’ নামক ফেসবুক আইডি থেকে লাইভ করেন রিজেন্সি চাকমা। লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অভিযোগ রয়েছে, ফেসবুক লাইভের পর উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা সীমা চাকমা ক্ষিপ্ত হয়ে রিজেন্সি চাকমাকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) ক্ষমতার দাপট দেখান। এ নিয়ে রিজেন্সি চাকমা যুক্তিপূর্ণ পাল্টা জবাব দিলে উভয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়।
এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে রিজেন্সি চাকমাকে তাঁর নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে পূর্ব ছয়নালছড়া গ্রামের কারবারী (গ্রামপ্রধান) সাগর চাকমা এবং পশ্চিম ছয়নালছড়া গ্রামের কারবারী সুবল কৃষ্ণ চাকমার উপস্থিতিতে জেএসএস (সন্তু) দলের সশস্ত্র কমান্ডার নীরব চাকমা ও ভাগ্য চাকমার নেতৃত্বে রিজেন্সি চাকমার ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয় বলে জানা গেছে।
শুধু মারধরই নয়, লাইভ করার অপরাধে রিজেন্সি চাকমাসহ তাঁর বাবা-মা ও পুরো পরিবারকে পশ্চিম ছয়নালছড়া এলাকা থেকে উচ্ছেদ করার চূড়ান্ত হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
দৈনিক আস্থা/এসকে


















