ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে অব্যাহতি
- আপডেট সময় : ১০:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে অব্যাহতি
পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং এক ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ গাজীকে দলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই ঘটনায় করা মামলায় আটকের পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফরিদকে পটুয়াখালী আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যার পর জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী গোবিন্দ চন্দ্র মণ্ডলের কাছে চাঁদা দাবী করে ফরিদ গাজি। চাঁদা না দেওয়ায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং জীবন্ত পুড়িয়ে মারার হুমকির সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। যা দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক এবং বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্যসচিবের কাছে পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ফোনালাপে ফরিদ গাজীকে বলতে শোনা যায়, ‘আমি আপনাকে জীবন্ত পুড়াইয়া মারমু।’ ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা। তিনি গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে এবং ঢাকায় আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। হুমকির পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পর ফরিদ গাজীকে আটক করে শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
আস্থা/এমএইচ



















