যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
- আপডেট সময় : ০৮:১৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকাল ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন।
১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।
বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি ৩১ টন ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্র–সংবলিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়।
উড্ডয়নরত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি ভরা যায়। ফলে এটি বিশ্বের যেকোনো প্রান্তে হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করত। (সূত্র: বিবিসি)।
দৈনিক আস্থা/এমএইচ
























