রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মী নিহত: আহত-৩
- আপডেট সময় : ০২:৪৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মী নিহত: আহত-৩
আতিকুর রহমানঃ
রাজধানীর কাফরুলে এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফ আলীর (৪৫) মারা গেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত পনে ১২টার দিকে মিরপুর-১৩ শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ আলী, হাফিজুর রহমান, নালাম সরদার (৪৫) ও মনির হোসেনকে (৩২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি গণমাধ্যমকে বলেন, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। এছাড়া আহত একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে।
মিরপুর-১৩ এলাকার বাসিন্দা ও বিএনপির কর্মী মোঃ সুজন বলেন, রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৪ জন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোলাগুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। হামলার কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



















