শ্বশুর বাড়ি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যা
- আপডেট সময় : ১০:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
শ্বশুর বাড়ি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
শ্বশুর বাড়ি চুরি করতে গিয়ে শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের স্বামীর বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলায় গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। জামাইকে আটক করেছে পুলিশ। নিহত সিদ্দিক আলী (৪৮) পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সিদ্দিক আলীর বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তার মেয়ের জামাই রাসেল (২৭)। সে সময় সিদ্দিকের সঙ্গে রাসেলের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাসেল শ্বশুর সিদ্দিক আলী (৪৮)-এর অন্ডকোষে লাথি মারলে সিদ্দিক মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্দিক আলীর স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘটনার সময় রাসেলের সঙ্গে আরও দুইজন ছিলেন। আমি হত্যার বিচার চাই।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে মারধর করায় তিনি বর্তমানে পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আস্থা/এমএইচ


















