সন্দ্বীপে ফের উন্মুক্ত হয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল
- আপডেট সময় : ১০:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১০৩০ বার পড়া হয়েছে
সন্দ্বীপে ফের উন্মুক্ত হয়ে পড়েছে সাবমেরিন ক্যাবল
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উত্তর বাউরিয়া উপকূলীয় এলাকায় জাতীয় গ্রিডের সাবমেরিন বিদ্যুৎ ক্যাবলের একটি অংশ আবারও ৩০ ফুট ক্যাবল উন্মুক্ত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিও ব্যাগ জোয়ারের তীব্র স্রোতে সরে যাওয়ায় ক্যাবল উন্মুক্ত হয়ে পড়ে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও দ্বীপাঞ্চলের বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে উত্তর বাউরিয়া সাগরতীরবর্তী এলাকায় নদীভাঙনের কারণে সাবমেরিন ক্যাবলের একটি অংশ উন্মুক্ত হয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে গত মাসের মাঝামাঝি সময়ে পাউবো ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে।
তবে দেড় মাস পর জোয়ারের তীব্র স্রোতে জিও ব্যাগগুলোর বেশির ভাগই অংশ আবারও স্থানচ্যুত হয়ে গেছে। এছাড়া জিও ব্যাগ ফেলা স্থানের পশ্চিম পাশে খালের প্রবল পানির স্রোতে আরও ৩০ ফুট সাবমেরিন ক্যাবল উন্মুক্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে নদীপথে চলাচলকারী বাল্কহেড, ট্রলারসহ বিভিন্ন নৌযানের প্রপেলারের আঘাতে ক্যাবল ছিঁড়ে যেতে পারে। এতে একদিকে যেমন সন্দ্বীপের বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুটি কেবল দিয়ে ২০১৮ সাল থেকে দ্বীপটিতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। যার ধারন ক্ষমতা ৫০ মেগাওয়াট। তবে প্রাথমিকভাবে একটি ক্যাবলের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং দুটি ক্যাবলের স্থায়ীত্বকাল ৫০ বছর। ক্যাবল দুটি বিকল হলে সন্দ্বীপে বসবাস করা প্রায় সাড়ে চার লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়বে।
পিডিবি চট্টগ্রামের (বিতরণ দক্ষিণ) প্রধান প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনটি পক্ষের সমন্বয়ে কাজ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, পাউবোকে ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
সন্দ্বীপ পিডিপির দায়িত্বরত এক্সিয়েন তানভীর হোসেন বলেন, জিও ব্যাগ দিয়ে সাবমেরিন ক্যাবলগুলোকে ঢেকে দেওয়া হয়েছে কিন্তু অতিরিক্ত জোয়ারের কারণে জিওব্যাগগুলো সরে গেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রায় ১শ ৪৪ কোটি টাকা ব্যয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপ উপজেলাকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়।
দৈনিক আস্থা/এমএইচ



















