সাজেকে ইউপিডিএফ-এর সদস্যকে গুলি করে হত্যা: ১১মে সড়ক অবরোধ
- আপডেট সময় : ১০:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
সাজেকে ইউপিডিএফ-এর সদস্যকে গুলি করে হত্যা:১১ মে সকড় অবরোধ
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত) এক সদস্য কেরল চাকমা ওরফে হেগেরা চাকমা (৫০)কে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে সাজেকের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকান্ডের প্রতিবাদে ১১ মে দিঘীনালা, বাঘাইছড়ি, সাজেক সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। উজো বাজারে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসুচি ঘোষনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৪টার দিকে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাঁকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানা যায়নি।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ঘটনাটি যেখানে ঘটেছে, এলাকাটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক—দুটি দলই সক্রিয় রয়েছে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ‘নিহত হেগেরা চাকমা আমাদের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নব্য মুখোশধারীরা জড়িত।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলা যাবে।
দৈনিক আস্থা/এমএইচ



















