সুন্দরবনে নানা ভাই বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
সুন্দরবনে নানা ভাই বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
বাগেরহাট প্রতিনিধিঃ
সুন্দরবনের কুখ্যাত ডাকাত নানাভাই বাহিনীর প্রধানসহ ১২ জন সক্রিয় ডাকাত সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে। এসময় জমা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এ পর্যন্ত ২৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে।
একই সাথে দস্যুদের হাতে জিম্মি থাকা মোট ৪২ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা শেষে নিরাপদে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ জন সদস্য এবং ছোট জাহাঙ্গীর বাহিনীসহ মোট ৩৭ জন সক্রিয় ডাকাত সদস্য ইতোমধ্যে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। এরই ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৬টায় বাগেরহাটের মোংলা থানাধীন ধানসিদ্ধির চর এলাকায় নানাভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে।
এ সময় তারা ১টি এইট শুটার, ১টি সিক্স শুটার, ১টি ফোর শুটার, ১টি সাইড হ্যামার, ১টি বোল্ট অ্যাকশন পিস্তল, ২টি এমথ্রি গ্যাস গান, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২টি ওয়ান শুটার, ২টি এয়ার গান, ২১২ রাউন্ড তাজা কার্তুজ, ২৯ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২০ রাউন্ড ৭.৬৫ মি.মি. পিস্তল বল, ৫ রাউন্ড ৮ মি.মি. তাজা গোলা, ৪১৩ রাউন্ড এয়ারগান গোলা, ৪টি পিস্তল ম্যাগাজিন, ২টি এয়ারগান ম্যাগাজিন ও চার্জারসহ ৬টি ওয়াকিটকি জমা দেয়।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আস্থা/এমএইচ



















