আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক
- আপডেট সময় : ০২:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
তিনি দাবি করেছেন, আলোচিত বক্তব্যে তিনি নিজের কোনো মতামত দেননি; বরং দলীয় তদন্তের সময় সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের সদস্যরা যা বলেছেন, সেটিই জনসমক্ষে তুলে ধরেছিলেন।
কিন্তু কিছু গণমাধ্যম তার বক্তব্যের একটি অংশ প্রকাশ করে এমনভাবে উপস্থাপন করেছে, যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিবৃতিতে তিনি এ ব্যাখ্যা দেন। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা এলাকায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আব্দুল খালেক বলেন, ‘শিবপুরের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত লোকজন তার কাছে গাজী নজরুল ইসলামের ঘটনাটি সম্পর্কে জানতে চান। তখন তিনি দলীয় তদন্তের সময় সংশ্লিষ্ট তরুণী ও তার বাবার দেওয়া বক্তব্যের সারাংশ তুলে ধরেন।’
উল্লেখ্য, গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেছিলেন, ‘এমপি সাহেবের বড় ওয়াইফসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসেছিলাম। সেখানে দেখলাম ওই মেয়েটি আবদার করে, ‘‘আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি যতদিন বাঁচব এমপি সাহেবকে সেবা করে যাব’’। এভাবেই মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিয়ের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না।’
তবে বিবৃতিতে তিনি দাবি করেন, ‘আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য দিইনি। আমি শুধু বলেছি, আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, তখন তারা কী বলেছেন। মেয়ে ও তার বাবা যে বক্তব্য দিয়েছেন, সেটিই উপস্থিত মানুষের প্রশ্নের জবাবে তুলে ধরেছি। কিন্তু সেটিকে আমার ব্যক্তিগত মতামত হিসেবে প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যের পরেই আমি স্পষ্ট করেছি যে ঘটনাটি অনৈতিক এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি যথার্থ। আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। জনগণও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।’
সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি খালেক বলেন, ‘কিছু সংবাদমাধ্যম তার বক্তব্যের আংশিক অংশ কেটে প্রকাশ করেছে। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বদলে গেছে।’
কিছু মিডিয়া ও পত্রিকা বক্তব্যের অংশবিশেষ প্রকাশ করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরুন।’
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
























