আটক ডিজিকে পুড়িয়ে মারার মামলায় আটক দেখিয়েছে পুলিশ
- আপডেট সময় : ০৩:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) ছাত্র গণ-অভ্যুত্থানের সময় লালমনিরহাটে ঘটে যাওয়া বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক দেখিয়েছে পুলিশ। অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরআগে শনিবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে ওইদিনেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
তিনি আওয়ামীলীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, অনুপ্রবেশের অভিযোগে শনিবার দুপুর আড়াইটার সময় পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার বঙ্গের বাজার নামক সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি কুটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওই ঘটনায় পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে প্রথমে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে পাঠানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে লালমনিরহাট সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, শনিবার রাতে আটক ডিজি সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে লালমনিরহাট সদর থানায় দায়েরকৃত আগুনে পুড়ে ছয়জন মৃত্যুর ঘটনার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আটক দেখানো হয়েছে। রোববার দুপুরে তাকে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















