এক সপ্তাহে নদী থেকে ১৭ লাশ উদ্ধার!
- আপডেট সময় : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
এক সপ্তাহে নদী থেকে ১৭ লাশ উদ্ধার!
আহসান হাবিবঃ
দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও ১১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন নদীপথে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩শ ২ জনকে আটক করা হয়েছে।
একই সময়ে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯৬টি মামলা দায়ের করেছে নৌ পুলিশ। এর মধ্যে রয়েছে তিনটি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।
এ ছাড়া গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫শ টি বাগদা চিংড়ির রেণু এবং ৪শ ৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১শ ৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ















