কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে বিএসএফের হাতে দিল ভারতীয়রা
- আপডেট সময় : ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে বিএসএফের হাতে দিল ভারতীয়রা
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছেন ভারতীয় নাগরিকেরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। শুক্রবার রাত সোয়া ১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ক্ষুদে বার্তায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে সীমান্তের ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাকে আটক করেন।
পুলিশ দলের প্রধান এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে ভারতীয় নাগরিকেরা সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে এনে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
আস্থা/এমএইচ



















