ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন সোহেলী
- আপডেট সময় : ০৩:৪০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন সোহেলী
মোঃ নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ
ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পার্বতীপুরের সোহেলী ইসলাম সোমা।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে পার্বতীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাহেবপাড়ার বাসিন্দা মরহুম বুলবুল ইসলামের প্রথম কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ জুন (রোববার) ভোর সোয়া ৬টার দিকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে ঢাকা ফেরেন সোমা। গাবতলী থেকে গন্তব্যে যাওয়ার পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা চলন্ত রিকশা থেকে তাঁর ব্যাগ টান দেয়। ব্যাগটি বাঁচানোর চেষ্টাকালে সোমা ভারসাম্য হারিয়ে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় ও চোখে প্রচণ্ড আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা মাথার খুলির অংশ অপসারণ করে। ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ঈশ্বরদীর পশ্চিম টেহরি এলাকায় নানার বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন (০১৭১৩-৩৭৩১২৬) বলেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে।
দৈনিক আস্থা/এমএইচ



















