দুই কন্যা শিশুকে রেখে মা উধাও
- আপডেট সময় : ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
দুই কন্যা শিশুকে রেখে মা উধাও
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
‘থাকো টাকা নিয়ে আসি’- এ কথা বলে দুই কন্যা শিশুকে রাস্তার পাশে রেখে মা উধাও হয়ে গেছে। দিনাজপুরের হিলিতে আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে বন্দরের চার নম্বর গেটের সামনে থানা মোড়ে এই হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানা মোড়ে দুই শিশুকে কাঁদতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু দুটিকে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে সাথে নিয়ে গেলেও বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন “থাকো টাকা নিয়ে আসি”।
ওসি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। তাদের খোঁজ বের করে শিশুদেরকে নিরাপদে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।



















