নীলফামারীতে এক বছরে নারী নির্যাতন ৭৯৯, ধর্ষণ চেষ্টা ২৮
- আপডেট সময় : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
নীলফামারীতে এক বছরে নারী নির্যাতন ৭৯৯, ধর্ষণ চেষ্টা ২৮
আস্থা ডেস্কঃ
নীলফামারীতে গত এক বছরে ৮শ ১১টি সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে ৭শ ৯৯টি নারী নির্যাতন ও ১২টি শিশু নির্যাতন ও ২৮ টি ধর্ষণ চেষ্টা ২৮ ঘটনা রয়েছে। এছাড়া এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র ৯৯টি।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ফেসিং প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত পরামর্শ বিষয়ক এক সভায় এতথ্য জানানো হয়।
ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় ও উপজেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে সভায় আরও জানানো হয়, সহিংসতার মধ্যে শারীরিক নির্যাতন ২শ ২২টি, ভয়ভীতি ১শ ১০টি, ঘরে নির্যাতন ৯৫টি, জমি জমা-সংক্রান্ত ৭৫টি, আর্থিক ৫৪টি, যৌতুক ৫০টি, ধর্ষণচেষ্টা ২৮টি, চুরি ছিনতাই ২৩টি, অপহরণ ১৯টি, অনলাইন হয়রানি ১৬টি, ধর্ষণ ৮টি, যৌন হয়রানি ৬টি এবং অন্যান্য ৬টি।
ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম বলেন, থানা, আদালত, মহিলা বিষয়ক কার্যালয়, ইউনিয়ন পরিষদ, নাগরিক প্ল্যাটফর্ম ও স্থানীয় পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করি। এরচেয়ে বেশি নির্যাতনের ঘটনা রয়েছে যেগুলো আমরা সংগ্রহ করতে পারিনি।
নীলফামারী সদর উপজেলার মধ্যে নির্যাতনের দিক থেকে টুপামারী, গোড়গ্রাম, সংগলশী ও সোনারায় ইউনিয়নকে আমরা ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসেবে চিহ্নিত করেছি।
তিনি আরও বলেন, সামাজিক প্রতিরোধের অভাব, সমাজ কাঠামোয় নারীর দুর্বল অবস্থান, আইনের প্রয়োগিক দুর্বলতা, বিলম্বিত বিচার প্রক্রিয়া ও মামলার জট, রাজনৈতিক লেজুরবৃত্তিক সামাজিক অবস্থান ও মান সম্মানের ভয়ে অনেক ঘটনা গোপন করার কারণে নির্যাতনের ঘটনা বেড়েই চলছে।
সচেতনতা ও সামাজিক আন্দোলন সৃষ্টি, আইনের কঠোর প্রয়োগ, বাল্য বিয়ে রোধ, শিক্ষার হার বাড়ানোসহ পরিবার থেকে প্রযুক্তির অপব্যবহার রোধে গুরুত্বারোপ করতে হবে। ফেসিং প্রকল্প জেলার চারটি উপজেলায় কাজ করছে।
এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আয়াতুল্লাহ, সদর থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ হোসেন, সাংবাদিক নুর আলম, সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান দৌলত জাহান ছবি, অ্যাডভোকেট আল্পনা রায়, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ। এতে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি উপস্থাপন করেন ডেমক্রেসিওয়াচের আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম প্রমুখ।
দৈনিক আস্থা/এমএইচ


















