নেই গ্যাস-বিদ্যুৎ থেমে যাচ্ছে নারায়ণগঞ্জের শিল্পচাকা
- আপডেট সময় : ১২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
নেই গ্যাস-বিদ্যুৎ থেমে যাচ্ছে নারায়ণগঞ্জের শিল্পচাকা
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরীসহ আশপাশের বিভিন্ন ডাইং, গার্মেন্টস ও কলকারখানায় তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাসের স্বল্পচাপ ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে জার্জিস, ফারিহা, ফকিরাসহ বিভিন্ন কারখানা আংশিকভাবে বন্ধ রাখা হচ্ছে এবং অনেক শ্রমিককে ছুটিতে পাঠানো হয়েছে।
শিল্পসংশ্লিষ্টরা জানান, দিনের বিভিন্ন সময়ে গ্যাসের চাপ কমে যাওয়ায় বয়লার, ডাইং ও অন্যান্য উৎপাদন ইউনিট স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো অর্ডারের কাজ শেষ করা নিয়েও শঙ্কায় রয়েছে কারখানা মালিকরা।
জার্জিস, ফারিহা, ফকিরাসহ বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কাজ না থাকায় অনেক শ্রমিককে ছুটি দেওয়া হচ্ছে। কোনো কোনো কারখানায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে, আবার কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশেষ করে ডাইং কারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। উৎপাদনের মাঝপথে মেশিন বন্ধ হয়ে গেলে কাপড়ের মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এতে একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে বিসিক এলাকার আরও অনেক ডাইং ও শিল্পকারখানা বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজারো শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
এ অবস্থায় নারায়ণগঞ্জ বিসিক ও আশপাশের শিল্পাঞ্চলে দ্রুত গ্যাসের স্বাভাবিক চাপ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শিল্প মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা।
আস্থা/এমএইচ



















