পরিত্যক্ত অবস্থায় একে ৪৭ উদ্ধার
- আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০৪২ বার পড়া হয়েছে
পরিত্যক্ত অবস্থায় একে ৪৭ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া পরিত্যক্ত একে ৪৭ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশের রেললাইন-সংলগ্ন ড্রেন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি খালি ম্যাগজিন এবং ৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
ডিবি লালবাগ বিভাগ সূত্র জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগজিন পুলিশের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে তারা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৫ আগস্ট অস্ত্রটি খোয়া গিয়েছিল বলে তাদের ধারণা। ডিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের সংরক্ষিত নম্বর মিলিয়ে অস্ত্রগুলো কোন থানার, সেটি নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
আস্থা/এমএইচ



















