ফকিরহাটে ডাকাতির ঘটনায় এনসিপির ২ নেতা আটক
- আপডেট সময় : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাকযোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় ডাকাতির ঘটনায় আরো ২ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহীনি। এনিয়ে এখন পর্যন্ত ৫ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ।
এরমধ্যে কক্সবাজার র্যাব-১৫ গত ১৩ মে রাতে দুই জনকে আটক করে। তাদের ১৪ মে ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানান আটককৃতরা হলো, বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার মুনসুর আলী শেখের ছেলে সোহান শেখ (৩৬) এবং একই থানার শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে জুয়েল শেখ (৩৬)। জুয়েল রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক এবং সোহান এনসিপির সিনিয়র সদস্য।
এ ছাড়া গত ৯ মে ফকিরহাট উপজেলার সুখদাড়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি হাবিবুর রহমান (৩৪)কে আটক করে।
জানা যায়, ৭ মে সন্ধ্যায় ক্রয় করা মাল ভাড়ায় চালিত বিআরটিসির একটি ট্রাক যোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পরে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসন্ট্যান্ডে স্থানীয় জনতা তাদের ট্রাকের গতিরোধ করেন। এ সময় ট্রাকে থাকা মালপত্র যাচাই-বাছাই করে দেখেন সেখানে তামা বা অবৈধ কোনো মালপত্র আছে কিনা।
অবৈধ মালপত্র না থাকায় ট্রাকটি ছেড়ে দিলে রাত ১ টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দিলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে সেখানে ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাক চালক ও ট্রাকে থাকা মালিক পক্ষকে ভয়ভীতি দেখিয়ে মালপত্রসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা মূলঘর এলাকার পরিত্যক্ত ইটভাটা থেকে মালপত্রসহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে পুলিশ আটক করে।
আটককৃতরা হলো উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মোৌ জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মোঃ জুয়েল শিকদার (৩২)।
এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১৬ জনকে আসামি করে ফকিরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, ১৪ মে কক্সবাজার র্যাব-১৫ কর্তৃক ডাকাতি মামলার দুইজনকে আটক করে। তাদের ফকিরহাট থানায় নিয়ে আসা হয়েছে। তারা রামপালের এনসিপির সদস্য বলে পরিচয় দিয়েছে। তাদেরকে ১৫ মে সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসাদিদের আটকে অভিযান অব্যাহত আছে।
দৈনিক আস্থা/এমএইচ



















