বরিশালে বোমা বিস্ফোরণ; আহত-৩
- আপডেট সময় : ০২:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
বরিশালে বোমা বিস্ফোরণ; আহত-৩
স্টাফ রিপোর্টাঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে আমার মা-সহ বোন ভাগিনার শরীরে আগুন ধরে যায়। ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে তারা ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পড়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই।
বাকেগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক আস্থা/এমএইচ
















