বাবাকে বাচাঁতে গিয়ে ছেলের মৃত্যু
- আপডেট সময় : ১০:০২:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
বাবাকে বাচাঁতে গিয়ে ছেলের মৃত্যু
রিয়াজুল হক সাগর/রংপুরঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন লিমন মিয়া নামে এক যুবক।
রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন মিয়া স্থানীয় গোফফার আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোফফার আলী বাড়ির পাশের আখিরা নদী পার হয়ে নিজের জমি থেকে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যেতে থাকেন। এসময় তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।
তীরে থাকা ছেলে লিমন মিয়া বাবার বিপদ দেখে সাঁতার ভালো না জানলেও বাবাকে বাঁচানোর তাগিদে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবার কাছে পৌঁছানোর আগেই স্রোতের টানে তিনি নিজেই তলিয়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে লিমন মিয়াকে মৃত অবস্থায় পান। অন্যদিকে, তার বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ জালাল জানান, বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের এমন আত্মত্যাগে এলাকায় গভীর শোক নেমে এসেছে।
দৈনিক আস্থা/এমএইচ








