বিজেপির নেতাসহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
বিজেপির নেতাসহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ অন্তত ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় একটি গোষ্ঠীর সঙ্গে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ছত্তিশগড়ের কোরিয়া জেলায় ভয়াবহ এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একাধিক ট্রাক দিয়ে একটি ফরচুনার এসইউভিকে ঘিরে ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিজেপি নেতার পরিবার বলেছে, বালু মহাল পরিচালনা সংক্রান্ত একটি বিরোধের মীমাংসা করতে গিয়েছিলেন ভারত সিং। তবে তিনি আসলে সুপরিকল্পিত ফাঁদে পা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। হত্যা ও হত্যাচেষ্টাসহ গুরুতর অপরাধের অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক তথ্য মতে, ওই এলাকার বালু মহালের ইজারা পেয়েছিল ভারত সিংয়ের পরিবার। এরপর সোনহাত, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া ও ছিংগুরায় বালু পরিবহন এবং খনি সংশ্লিষ্ট অবৈধ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে চরম বিরোধ শুরু হয়। ভারত সিংয়ের পক্ষ এবং আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে এই বিরোধ কয়েক মাস ধরে চলছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ‘কোরিয়া জেলার ঘটনাটি তার নজরে এসেছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। দোষী সাব্যস্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
দৈনিক আস্থা/এমএইচ




















