ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
- আপডেট সময় : ০১:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এই ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১১ টার দিকে ছিনতাইকারীরা রাজিবের অটোরিকশা ভাড়া করে। ছিনতাইকারীরা অটোরিকশায় উঠে শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যেতে বলে। পথিমধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন নির্জন জায়গায় এসে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে। এসময় তাদের পেছনে আসা অন্য অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুজতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে।
স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই ছিনতাইকারী চক্র সড়কের পাশে জঙ্গলে রাজিবের মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতেই রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অটোরিকশাটি ছিনতাইকারী চক্র নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















