কারাগার পালানোদের তথ্য জানানোর পর কারা মহাপরিদর্শক প্রত্যাহার
- আপডেট সময় : ১১:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
কারাগার পালানোদের তথ্য জানানোর পর কারা মহাপরিদর্শক প্রত্যাহার
স্টাফ রিপোর্টারঃ
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নাম উল্লেখ করা হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে কারাগার থেকে পালানো বন্দিদের বিষয়ে তথ্য জানিয়ে মোতাহের হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২শ ৪৭ জন বন্দি পালিয়ে যায়। এর মধ্যে ১ হাজার ৫শ ৫৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ৬শ ৯০ জন বন্দি পলাতক রয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, নরসিংদী কারাগার থেকে ৮শ ২৬ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো ১শ ৬৬ জনের কোনো তথ্য পাওয়া যায়নি।
দৈনিক আস্থা/এমএইচ



















