বগুড়ায় নকল কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা
- আপডেট সময় : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১০৪৩ বার পড়া হয়েছে
বগুড়ায় নকল কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় অনুমোদনহীন এবং নকল কসমেটিকস বিক্রির দায়ে দুই ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ এপ্রিল) দুপুরে বগুড়ার নিউ মার্কেট ও চুড়িপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বগুড়ার নিউমার্কেট এবং চুড়ি পট্টিতে বিভিন্ন কসমেটিকস দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নিউ মার্কেটে শাহ বিপনিকে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে ২০,০০০ (বিশ হাজার) এবং চুড়ি পট্টিতে মা স্টোরকে নকল কসমেটিকস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্ক করা হয়। এ অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
















