স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির হাতাহাতি
- আপডেট সময় : ০২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির হাতাহাতি
আস্থা ডেস্কঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগমুহূর্তে জাতীয় পার্টি (জাপা)’র ও জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
জাপার নেতা-কর্মীরা দাবি করেছেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ব্যানার ও ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিরোধ করেছি।
অন্যদিকে ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেওয়ার সময় জাপার নেতা-কর্মীরা তাদের কেন্দ্রীয় কমিটির এক নেতার ওপর হামলা চালান। এর পর আশপাশের লোকজন জাপার নেতা-কর্মীদের প্রতিহত করেন।
ঘটনার পর জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই, হামলা কারা করেছে। তবে আমাদের বিশ্বাস, একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে না এবং পাকিস্তানের পক্ষে, তারা এই পবিত্র স্থানে এমন কাজ করতে পারে। আমাদের মিছিলে আক্রমণ করা হলেও নেতা-কর্মীরা সেটিকে ভদ্রভাবে প্রতিহত করেছে।’
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ সহসভাপতি আহসান লাবীব বলেন, ছাত্ররা ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ধরনের স্লোগান দিচ্ছিল। এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা উদ্ধত আচরণ করেন। একপর্যায়ে তারা আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে আশপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে পড়ে এবং জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলে।
দৈনিক আস্থা/এমএইচ

















