রাতে বাতি নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটালেন কারারক্ষীরা
- আপডেট সময় : ০২:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
রাতে বাতি নিভিয়ে সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটালেন কারারক্ষীরা
স্টাফ রিপোর্টারঃ
কারাগারে গভীর রাতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তার আইনজীবীর দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও তারেক সাঈদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এই আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অন্য সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তারেক সাঈদের আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেল বলেন, সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে দুটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গত ১০ আগস্ট তাকে আটক দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।
তবে ১৬ সেপ্টেম্বর তারেক সাঈদকে ফের আদালতে হাজির করলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। একই দিন গভীর রাতে মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান কয়েকজন রক্ষী।
লাঠি দিয়ে আঘাত করায় মাথায় আঘাত পান তিনি। শরীরের বিভিন্ন স্থানেও তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এছাড়া হামলার সময় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।
এই আইনজীবী বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচারিক তদন্ত ও চিকিৎসা চেয়ে আদালতের কাছে আমরা একটি আবেদন করেছি। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আগামীকাল এ আবেদনের ওপর আমরা শুনানি করবো।
আস্থা/এমএইচ



















