তালা ভেঙে মিলল মায়ের মরদেহ
- আপডেট সময় : ০১:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
তালা ভেঙে মিলল মায়ের মরদেহ
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অপর একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।

আজ রোববারের (২৩ আগস্ট) সকালে এ মরাদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাচ্ছিল। তাদের দীর্ঘক্ষণ কান্নাকাটি ও আকুতি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায় ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলছে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর ঘরের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহতের ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছরের ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ আছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর পেছনের রহস্য জানা যায়নি। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে আটকের জন্য অভিযান চলছে।
আস্থা/এমএইচ



















