বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, জনপ্রতি নগদ বরাদ্দ ২৮ টাকা
- আপডেট সময় : ০১:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১০০৮ বার পড়া হয়েছে
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, জনপ্রতি নগদ বরাদ্দ ২৮ টাকা
স্টাফ রিপোর্টার
টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে পার্বত্যাঞ্চলের পর এবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।
এসময় দেশের সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০লাখ ২২ হাজার ৯শ ৬৩জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯শ ১৮টি পরিবারের সদস্যরা। তবে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গত ছয় দিনে সরকার নগদ বরাদ্দ দিয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৩ হাজার ২শ ৫০ মেট্রিক টন চাল। হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি নগদ বরাদ্দ দাঁড়ায় প্রায় ২৮ টাকা এবং চাল প্রায় ৩.২ কেজি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে হবিগঞ্জ, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার ৫৮টি উপজেলা, ৩শ ৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। বর্তমানে ১ হাজার ১শ ৩১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৪ হাজার ৪শ ৫৭ জন।
মন্ত্রণালয়ের হিসাবে, ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত সাত জেলার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে ক্ষতিগ্রস্ত ১০ লাখ ২২ হাজার ৯শ ৬৩ মানুষের জন্য মাথাপিছু বরাদ্দ পড়ে প্রায় ২৮ টাকা। অন্যদিকে পানিবন্দী ২ লাখ ৬৭ হাজার ৯শ ১৮টি পরিবারের হিসাবে পরিবারপ্রতি বরাদ্দ দাঁড়ায় প্রায় ১শ ৬ টাকা। বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ২শ ৫০ মেট্রিক টন চাল। সে হিসাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিপ্রতি চালের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ দশমিক ২ কেজি।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার। চট্টগ্রামে পানিবন্দি হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫০০টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার। জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ২৭। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাসহ সেখানে প্রাণ হারিয়েছেন ২৮ জন। বান্দরবানে ১২ হাজার ৫শ টি, মৌলভীবাজারে ৭ হাজার ৩শ ৮টি, হবিগঞ্জে ৬ হাজার ৪শ ৪৪টি, রাঙামাটিতে ১ হাজার ৪৪টি এবং খাগড়াছড়িতে ১ হাজার ৭৩টি পরিবার পানিবন্দি রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় চাল, নগদ অর্থ, শুকনা খাবার, ঢেউটিনসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ






















